বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

আরেকটি শিক্ষামূলক গল্প এবং বিবেকের কাছে প্রশ্ন

এক নব বিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে।

পরদিন সকালে তারা যখন নাশতা করছিলো, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেলো কাপড় শুকাতে দিয়েছে ঘরের কর্ত্রী।
সে বলে উঠলো,
- 'কাপড়টা পরিষ্কার হয় নি, ঐ বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না।তার মনে হয় ভালো কোন কাপড় কাচার সাবান দরকার।"
...
মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইলো।

যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিতো, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করতো।

মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বললো,
"দেখো, অবশেষে উনি শিখেছেন কীভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো!!"

তখন ছেলেটি বলে উঠলো,
"শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাঁচ পরিষ্কার করেছি!"
.....
আমাদের জীবনটাও এমনই --

"আমরা কোন কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের দেখার চোখ ও মনের জানালার পরিচ্ছন্নতার উপর যা দিয়ে আমরা দেখি। কোন সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেয়া প্রয়োজন,

নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোন ভালো দেখতে চাই আদৌ?
নাকি মানুষটার দিকে তাকাচ্ছি তার ভুলগুলো খুঁজে পেতে বিচার করবো বলেই।"

সবাই তো পড়লাম... আসুন তা নিজেদেরকে স্মরণ করিয়ে দিই।


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।     

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

ভালোবাসা দরজার ওপাশে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে কড়া নাড়তে থাকে। খুব নীরবে সে ডেকে যায়, একটু শোনার সময় আপনার আছে কি?

বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ মহিলা সব সময় মন খারাপ করে বসে থাকতেন। তিনি কখনোই কারো সাথে কোনো কথা বলতেন না । বৃদ্ধাশ্রমের রেজিস্টার খাতায় লেখা না থাকলেও সবাই তিনি কথা বলতে পারেন না বলেই ধরে নিয়েছিলো। তিনি কাউকে কখনো কোনো কিছুর জন্য অনুরোধও করতেন না। দিনের বেশির ভাগ সময়ে তার দোলন চেয়ারে বসে দোল খেতেন।

বৃদ্ধাকে তার কোনো আত্বীয় কখনো দেখতেও আসতো না। কিন্তু প্রতিদিন সকালে এক সহৃদয় নার্স তার রুমে যেতো। সে কখনোই বৃদ্ধার সাথে কোনো কথা বলার চেষ্টা করতো না,কোনো প্রশ্নও করতো না। শুধু আরেকটি চেয়ার বৃদ্ধার পাশে টেনে নিতো এবং তার সাথে বসে থাকতো।

এভাবে সপ্তহের পর সপ্তাহ গেল, মাসের পর মাস গেল।বৃদ্ধা একদিন নার্সের দিকে তাকিয়ে অশ্রুসজল কন্ঠে বলে উঠলো, 'ধন্যবাদ','তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।'

আপনার বৃদ্ধ মা-বাবা আপনার কাছে খুব বেশি কিছু চান না। তারা আপনার ব্যস্ত দিনের খুব ছোট একটা সময় চান।

বলা হয়ে থাকে ভালোবাসা দরজার ওপাশে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে কড়া নাড়তে থাকে। খুব নীরবে সে ডেকে যায়, একটু শোনার সময় আপনার আছে কি?


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।       

শিক্ষামূলক গল্প ।

একদল ডাকাত ব্যাংকে ঢুকল ডাকাতির জন্য। উপস্থিত গ্রাহক আর কর্মচারীরা বাধা দেবার চেষ্টা করল। ডাকাতেরা বলল " ভাইসব, টাকা গেলে সরকারের যাবে, আর প্রাণ গেলে যাবে আপনার। আপনারাই বুঝুন কোনটা বাঁচাবেন" - এই কথা শুনে সবাই বসে গেল। ডাকাতরা নির্বিঘ্নে টাকা নিয়ে চলে গেল।

শিক্ষণীয় : মানুষের মাঝে স্বার্থ ভিত্তিক বিভাজন সৃষ্টি কর। তাহলে তারা তোমার অন্যায় কাজ প্রতিরোধ করার সামর্থ্য হারিয়ে ফেলবে।

ডাকাতেরা তাদের নিয়ে আসা বস্তা ভর্তি করে যতদূর সম্ভব টাকা নিয়ে আস্তানায় ফিরে গেল। যে ডাকাতের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল সে বলল,এবার আমাদের দরকার আমরা কত টাকা লুঠ করলাম তা গুনে দেখা। সবচেয়েপ্রবীণ ডাকাত বলল " ধুর, এত টাকা গুনতে তো অনেক কষ্ট হবে। একটু পরেই টিভি তে বলবে কত টাকা লুট হয়েছিল। আমরা তখন ই যেনে যাব।"

শিক্ষণীয় : অনেক ক্ষেত্রে কাগজে ডিগ্রির চেয়ে অভিজ্ঞতা মূল্য বেশী।

ঘটনা শুনে মন্ত্রী মহোদয় ব্যাংক পরিদর্শনে গেলেন। তিনি নিরাপত্তা সংশ্লিষ্টদের বললেন , ডাকাতেরা মাত্র কয়েক বস্তা টাকাই তো মাত্র নিয়েছে। বেশির ভাগ টাকই তো রয়ে গেছে, আর সেফ ডিপোজিট বক্সগুলোও তো আছে। আসুন ভাইসব আমারা ওগুলো নিজেদের মাঝে ভাগ করে নেই । কেউ বুঝতেও পারবেনা। সব দোষ ডাকাতদের উপর চাপিয়ে দিলেই হবে ।

শিক্ষণীয় : যে যত উপরে, তাঁর চুরি ততোবড় এবং তা ধরা ছোঁয়ার বাইরে।

রাতে টিভিতে সংবাদ এলো, ব্যাংক থেকে ২০ কোটি টাকাসহ হাজার ভরি স্বর্ণালঙ্কার লুঠ। ডাকাতরা হাজারবার গুনেও তাদের বস্তায় ১কোটি টাকার উপর পেলনা। আর স্বর্ণালঙ্কার তো তারা নিতেই পারে নি। যাইহোক, অবশেষে ডাকাত দল ধরা পড়ল, রিমান্ডে গিয়ে স্বীকারও করতে হল তারাই সব ডাকাতি করেছে। সবার যাবজ্জীবন সাজাও হয়ে গেল।

শিক্ষণীয় : চুরি ডাকাতি করার ইচ্ছা থাকলে ভোটে দাড়িয়ে ক্ষমতায় যেয়ে করাটাই বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নির্ভুল ও নিরাপদ পদ্ধতি।


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।